← সারো হোম

ব্যবহারের শর্ত

সারো ব্যবহার করলে এই শর্তগুলো মেনে চলতে হয়। সহজ ভাষায় লিখেছি, যাতে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক আর স্কুল সবাই বুঝতে পারেন।

সংস্করণ ১ · কার্যকর ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • শিক্ষার্থী আর শিক্ষকের জন্য সারো শুরু করা ফ্রি। কোনো চার্জ হঠাৎ কাটা হয় না।
  • দক্ষতা গ্রুপ আর অনুশীলনের স্কোর শেখার দিকনির্দেশনা। স্কুলের পরীক্ষা বা পাবলিক পরীক্ষার ফলের জায়গা নেয় না।
  • আপনার লেখা প্রশ্ন, নোট আর ফাইল আপনারই। সারোতে দেখানোর অনুমতি দেন।
  • যেকোনো সময় অ্যাকাউন্ট বন্ধ রাখা বা মুছে ফেলা যায়।

১. এই শর্ত কার জন্য

shaaro.app ওয়েবসাইট আর সারোর সব অংশ ব্যবহারের জন্য এই শর্ত: স্কুল চালানোর কাজ (রেজিস্টার, হাজিরা, নম্বর, রেজাল্ট, রিপোর্ট কার্ড, প্রশংসাপত্র, ফি, এসএমএস, রুটিন, পরীক্ষা ও আসন বিন্যাস), প্রশ্নপত্র আর কুইজ, অনুশীলন, রিসোর্স লাইব্রেরি, অভিভাবকের পাতা আর ক্লাসরুমের স্ক্রিন। পরিচালনা করে স্টুডিও ইমাজিন, ৮৩/বি সিদ্ধেশ্বরী সারকুলার রোড, মালিবাগ, ঢাকা ১২১৯। এখানে “আমরা” মানে সারো আর স্টুডিও ইমাজিন, “আপনি” মানে যিনি সারো ব্যবহার করছেন।

তথ্য কীভাবে রাখি আর ব্যবহার করি, তা আছে গোপনীয়তা নীতিতে। দুটো একসাথে পড়ুন।

২. কারা ব্যবহার করতে পারেন

  • শিক্ষার্থী: লগইন ছাড়াই অনুশীলন করা যায়। নবম শ্রেণি থেকে স্কুল শিক্ষার্থীকে লিংক আর পিন দিয়ে নিজের লগইন দিতে পারে। ১৮ বছরের কম হলে অভিভাবকের সম্মতি লাগে।
  • অভিভাবক: লগইন লাগে না। স্কুলের লিংক বা G কোড দিয়ে নিজের সন্তানের পাতা দেখেন।
  • শিক্ষক, প্রধান শিক্ষক আর অফিস স্টাফ: শুধু যে প্রতিষ্ঠানে কাজ করেন, সেখানকার জন্য। কোনো স্কুল আগে থেকে সারোতে থাকলে প্রধান শিক্ষকের অনুমোদনে যোগ দেওয়া যায়।
  • প্রাইভেট টিউটর: নিজের শিক্ষার্থীদের জন্য, নাম আর মোবাইল নম্বর দিয়ে।
  • শিক্ষা কর্মকর্তা আর টিচার ট্রেইনার: নিজের পদ আর এলাকার জন্য। কর্মকর্তার অ্যাকাউন্ট পদের দাপ্তরিক মোবাইলের সাথে বাঁধা, তাই পদ বদলালে নতুন জন পান।

৩. অ্যাকাউন্ট আর লগইন

  • একজন মানুষ, একটা অ্যাকাউন্ট। অন্যের নামে অ্যাকাউন্ট খোলা যাবে না।
  • লগইনের উপায়: Google, লিংক আর পিন, ইমেইল আর পাসওয়ার্ড, আর যেখানে চালু সেখানে মোবাইলে ওটিপি।
  • পিন, পাসওয়ার্ড আর ওটিপি কাউকে বলবেন না। কেউ জেনে গেছে মনে হলে সাথে সাথে বদলান আর আমাদের জানান।
  • নাম নিজে ঠিক করুন। রেজিস্টারে শ্রেণি, রোল বা অভিভাবকের নম্বরে ভুল থাকলে স্কুলকে বলুন।
  • শিক্ষার্থীর রেকর্ড স্কুলের রেজিস্টারে থাকে। স্কুল সেটা যোগ করে, ঠিক করে আর সরায়।

৪. সারো কী, আর কী না

সারো স্কুলের প্রতিদিনের কাজ সহজ করে, আর ছোট কুইজ ও অনুশীলন দিয়ে দেখায় একজন শিক্ষার্থী কতটুকু পারছে আর কোথায় ঘাটতি। এটা শেখা আর স্কুল চালানোয় সাহায্যের জন্য।

  • দক্ষতা গ্রুপ আর অনুশীলনের স্কোর দিকনির্দেশনা, শিক্ষক চাইলে বদলাতে পারেন। এগুলো স্কুলের পরীক্ষা, পাবলিক পরীক্ষা বা ভর্তির সিদ্ধান্তের জায়গা নেয় না।
  • নম্বর, রেজাল্ট শিট আর রিপোর্ট কার্ড স্কুলের নিজের রেকর্ড। স্কুল সেগুলো তোলে আর অনুমোদন দেয়; সারো রাখে আর হিসাব করে।
  • শুধু সারোর অনুশীলনের ফলের ভিত্তিতে কোনো শিক্ষার্থীকে শাস্তি দেওয়া, পরের ক্লাসে উঠতে না দেওয়া বা বাদ দেওয়া যাবে না।
  • শিক্ষকের কাজের মূল্যায়নে সারোর সংখ্যা একমাত্র ভিত্তি হবে না। সংখ্যা শুধু আলাপ শুরু করে।

৫. খরচ

শিক্ষার্থী আর শিক্ষকের জন্য সারো শুরু করা ফ্রি। এসএমএস চলে স্কুলের কেনা ক্রেডিটে; প্রতিটা খরচ এসএমএস পাতার হিসাবে দেখা যায়। কোনো প্রতিষ্ঠান বা কর্মসূচির জন্য বাড়তি সেবা দিলে দাম আগে লিখিতভাবে জানাব। স্কুল সারোতে ফি-র হিসাব রাখতে পারে, কিন্তু সারো নিজে কোনো ফি নেয় না। শিক্ষার্থী বা অভিভাবকের কাছ থেকে তাঁদের স্পষ্ট সম্মতি ছাড়া কখনো টাকা নেওয়া হবে না।

৬. যা করা যাবে না

  • অন্যের হয়ে কুইজ দেওয়া, বা অন্যের অ্যাকাউন্টে ঢোকা
  • অন্যের নাম, ফোন নম্বর, ছবি বা ফল তাঁর অনুমতি ছাড়া ছড়ানো
  • অপমানজনক, ভয় দেখানো, ঘৃণা ছড়ানো, অশ্লীল বা বয়সের অনুপযোগী কিছু লেখা
  • অন্যের লেখা নিজের নামে জমা দেওয়া
  • স্বয়ংক্রিয় টুল দিয়ে প্রশ্নভান্ডার বা তথ্য বের করে নেওয়া, বা সারো নকল করে অন্য সেবা বানানো
  • সারোর নিরাপত্তা ভাঙার চেষ্টা, ভাইরাস ছড়ানো, বা সেবা বন্ধ করার চেষ্টা
  • বিজ্ঞাপন, রাজনৈতিক প্রচার বা ব্যবসার প্রচার পোস্ট করা

নিরাপত্তার কোনো দুর্বলতা খুঁজে পেলে hello@shaaro.app এ জানান (বিষয়ে লিখুন “Security”)। সৎ উদ্দেশ্যে জানালে আমরা ধন্যবাদ জানাই, ব্যবস্থা নিই না।

৭. আপনার লেখা প্রশ্ন, নোট, কুইজ আর ফাইল

  • আপনার লেখার মালিক আপনি।
  • জমা দিলে সারোকে অনুমতি দেন: লেখাটা সারোতে দেখানো, প্রশ্নপত্র আর কুইজে ব্যবহার করা, ভাষা বা বানান ঠিক করা, আর শিক্ষা কর্তৃপক্ষের সাথে শিক্ষার কাজে ভাগ করা। এই অনুমতি বিনামূল্যে, এবং আপনি অন্য কোথাও লেখাটা ব্যবহার করতে পারেন।
  • শিক্ষকের প্রশ্নে লেখকের নাম দেখানো হয়। শিক্ষার্থীর লেখা স্কুলের বাইরে শুধু নামের প্রথম অংশ আর শ্রেণি দিয়ে দেখায়।
  • শিক্ষকের প্রশ্ন দুই ধাপে যাচাই হয়: আগে নিজের স্কুলের আরেকজন শিক্ষক, তারপর অন্য স্কুলের একজন শিক্ষক। শিক্ষার্থীর লেখা আগে তার নিজের বিষয় শিক্ষক দেখেন; সারা দেশে দেখাতে অন্য স্কুলের একজন বিষয় শিক্ষক অনুমোদন দেন।
  • অ্যাকাউন্ট মুছলে আপনি বেছে নেবেন: প্রশ্নগুলো রেখে দেওয়া, আপনার অ্যাকাউন্ট থেকে আলাদা করে; অথবা যেগুলো কখনো ব্যবহার হয়নি আর যাচাই হয়নি, সেগুলো মুছে ফেলা।
  • শিক্ষকের পয়েন্ট শুধু স্বীকৃতি, এর কোনো টাকার মূল্য নেই।
  • অন্যের কপিরাইট ভাঙে এমন কিছু জমা দেবেন না। বইয়ের লম্বা অংশ হুবহু তুলে দেবেন না।

৮. সারোর নিজস্ব কনটেন্ট

সারোর প্রশ্ন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই ধরে বানানো, প্রতিটা প্রশ্ন বইয়ের একটা অধ্যায়ের সাথে যুক্ত। পাঠ্যবইয়ের স্বত্ব এনসিটিবির। সারোর সফটওয়্যার, নকশা, নাম আর লোগো স্টুডিও ইমাজিনের। প্রশ্নের স্বত্ব লেখক শিক্ষকের, আর সারো সেটা ব্যবহারের অনুমতি পায় (৭ নম্বর অংশ দেখুন)।

ক্লাসে পড়ানো, নিজে অনুশীলন করা আর স্কুলে ছাপানো প্রশ্নপত্র ও কুইজের জন্য সারোর প্রশ্ন ব্যবহার করতে পারেন। বিক্রি করা বা অন্য সেবায় তুলে দেওয়া যাবে না।

৯. শিক্ষক আর স্কুলের দায়িত্ব

  • শুধু নিজের স্কুলের শিক্ষার্থী যোগ করবেন।
  • ১৮ বছরের কম শিক্ষার্থীর জন্য অভিভাবকের সম্মতি নেবেন (অভিভাবকের পাতায়, অথবা সই করা সম্মতিপত্রে) এবং কাগজের ফর্ম স্কুলে রাখবেন।
  • রেজিস্টার, হাজিরা, নম্বর, রেজাল্ট, ফি, আসন বিন্যাস আর প্রশংসাপত্র স্কুলের রেকর্ড। সঠিক রাখা স্কুলের দায়িত্ব।
  • অভিভাবকের লিংক বা G কোড শুধু সেই শিক্ষার্থীর অভিভাবককে দেবেন। এসএমএস পাঠাবেন শুধু স্কুলের কাজে, আর অভিভাবক না চাইলে বন্ধ রাখবেন।
  • শিক্ষার্থীর তথ্য স্ক্রিনশট নিয়ে সামাজিক মাধ্যমে দেবেন না।

১০. অভিযোগ, সরানো আর অ্যাকাউন্ট স্থগিত

প্রশ্ন, শিক্ষার্থীর নোট ও কুইজ আর লাইব্রেরির রিসোর্সের পাশে “জানান” বোতাম আছে। শিশুর নিরাপত্তা নিয়ে অভিযোগ আমরা সবার আগে দেখি। শর্ত ভাঙলে লেখা সরিয়ে দিতে পারি, আর বড় বা বারবার ভাঙলে অ্যাকাউন্ট স্থগিত করতে পারি। কোনো অ্যাকাউন্ট বা সংযোগ অস্বাভাবিক হারে প্রশ্ন নিলে ২৪ ঘণ্টা আটকে থাকে। সম্ভব হলে আগে জানাব আর কারণ বলব। ভুল মনে হলে hello@shaaro.app এ আপত্তি জানাতে পারেন।

১১. সেবা চালু থাকা

সারো সবসময় চালু রাখার চেষ্টা করি। অনেক কাজ নেট ছাড়াও চলে, সিগন্যাল এলে তথ্য পাঠায়। তবু রক্ষণাবেক্ষণ, নেটওয়ার্ক বা অন্য কারণে মাঝে মাঝে বন্ধ থাকতে পারে। পরিকল্পিত বন্ধের কথা আগে জানাই। কোনো ফিচার বদলালে বা বন্ধ করলে যুক্তিসংগত সময় আগে জানাব, আর আপনার তথ্য ডাউনলোডের সুযোগ দেব।

১২. দায়ের সীমা

বাংলাদেশের আইন যতটুকু অনুমতি দেয়, ততটুকু পর্যন্ত সারো “যেমন আছে” সেভাবে দেওয়া হয়। সারোর ফলের ওপর ভিত্তি করে নেওয়া সিদ্ধান্তের পরোক্ষ ক্ষতির দায় আমরা নিই না। তবে আমাদের অবহেলায় তথ্য ফাঁস বা আইন যেখানে দায় সীমিত করতে দেয় না, সেখানে এই অংশ আপনার অধিকার কমায় না।

১৩. অ্যাকাউন্ট বন্ধ বা মুছে ফেলা

যেকোনো সময় অ্যাকাউন্ট কিছুদিন বন্ধ রাখতে বা মুছে ফেলতে পারেন: অ্যাকাউন্ট পাতায় (shaaro.app/account), অথবা shaaro.app/delete-account পাতায়। নিজের লগইন নেই এমন শিক্ষার্থীর জন্য অভিভাবক বা স্কুল অনুরোধ করতে পারেন। বিস্তারিত সেই পাতায় আছে।

১৪. শর্তের পরিবর্তন

বড় পরিবর্তনের অন্তত ৬০ দিন আগে ওয়েবসাইটে জানাব। নতুন শর্ত মানতে না চাইলে কার্যকর হওয়ার আগে অ্যাকাউন্ট মুছে ফেলতে পারেন।

১৫. আইন আর বিরোধ

এই শর্ত বাংলাদেশের আইনে চলে। কোনো সমস্যা হলে আগে hello@shaaro.app এ লিখুন, ৩০ দিনের মধ্যে সমাধানের চেষ্টা করব। না মিটলে বাংলাদেশের উপযুক্ত আদালতে যাওয়া যাবে।

১৬. যোগাযোগ

স্টুডিও ইমাজিন, ৮৩/বি সিদ্ধেশ্বরী সারকুলার রোড, মালিবাগ, ঢাকা ১২১৯ · ট্রেড লাইসেন্স TRAD/DSCC/২৮৬০৩২/২০১৯ · hello@shaaro.app