কর্তৃপক্ষ ও নিয়ন্ত্রকদের জন্য
শিক্ষা কর্তৃপক্ষ, উপাত্ত সুরক্ষা কর্তৃপক্ষ আর অন্য নিয়ন্ত্রকেরা সারো সম্পর্কে যা জানতে চাইতে পারেন, সব এক জায়গায়।
১. পরিচালনাকারী প্রতিষ্ঠান
| বিষয় | তথ্য |
|---|---|
| নাম | স্টুডিও ইমাজিন (সারো পরিচালনা করে) |
| নিবন্ধিত ঠিকানা | ৮৩/বি সিদ্ধেশ্বরী সারকুলার রোড, মালিবাগ, ঢাকা ১২১৯ |
| ট্রেড লাইসেন্স | TRAD/DSCC/২৮৬০৩২/২০১৯ |
| ই-টিআইএন | ২৫২০০৭৭৪৬৮১৩ |
| যোগাযোগ, উপাত্ত সুরক্ষাসহ | hello@shaaro.app |
| ওয়েবসাইট | shaaro.app |
২. কোন আইন কীভাবে মানি
| আইন | সারো যা করে |
|---|---|
| ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ ও পরবর্তী আইন | দরকারের বেশি তথ্য নিই না; শিক্ষার্থীর জন্য অভিভাবকের সম্মতির রেকর্ড, তারিখ আর নীতির সংস্করণসহ; শিশুর প্রোফাইলিং, আচরণ ট্র্যাকিং বা লক্ষ্যভিত্তিক বিজ্ঞাপন নেই; দেখা, ঠিক করা, ডাউনলোড আর মোছার অধিকার; তথ্য ফাঁস হলে কর্তৃপক্ষকে জানানো। |
| শিশু আইন ২০১৩ | শিশুর সর্বোত্তম স্বার্থ আগে; স্কুলের বাইরে শিক্ষার্থীর শুধু নামের প্রথম অংশ আর শ্রেণি দেখা যায়; কর্মকর্তা আর ট্রেইনার শুধু সংখ্যা দেখেন; শিশুর নিরাপত্তার অভিযোগ সবার আগে দেখা হয়। |
| সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ | এনক্রিপশন, ভূমিকাভিত্তিক প্রবেশাধিকার, নিরাপত্তা আর পরিবর্তনের লগ; ক্ষতিকর কনটেন্ট দ্রুত সরানো; বৈধ অনুরোধে সহযোগিতা। |
| তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ | ইলেকট্রনিক রেকর্ড; প্রতিটা সম্মতির সময় আর পদ্ধতি সংরক্ষণ; নম্বর, হাজিরা আর রেজাল্টের প্রতিটা পরিবর্তনের লগ। |
| কপিরাইট আইন ২০২৩ | প্রশ্ন এনসিটিবি পাঠ্যবই ধরে নিজের ভাষায় লেখা, প্রতিটা বইয়ের একটা অধ্যায়ের সাথে যুক্ত; বইয়ের লম্বা অংশ হুবহু নেওয়া হয় না; লেখক শিক্ষকের নাম থাকে। |
আইন বা বিধিমালা বদলালে আমরা নীতি আর সফটওয়্যার হালনাগাদ করি। কোনো ঘাটতি চোখে পড়লে hello@shaaro.app এ জানান।
৩. তথ্য কোথায় থাকে
এখন তথ্য থাকে সুপাবেসের ক্লাউড ডেটা সেন্টারে, রাখা আর পাঠানো দুই অবস্থাতেই এনক্রিপ্ট করা। ছবি আর ফাইল থাকে প্রাইভেট স্টোরেজে। আইনে বা কর্তৃপক্ষের চুক্তিতে দেশে রাখা দরকার হলে দেশের ডেটা সেন্টারে সরিয়ে নিতে আমরা প্রস্তুত। কর্তৃপক্ষ চাইলে তাঁদের এলাকার নামহীন তথ্য রপ্তানি করে দিই।
| সেবাদাতা | কাজ | অবস্থান |
|---|---|---|
| সুপাবেস | ডাটাবেস, লগইন আর ফাইল | ক্লাউড ডেটা সেন্টার |
| ভার্সেল | ওয়েবসাইট চালানো | বিশ্বজুড়ে নেটওয়ার্ক |
| ক্লাউডফ্লেয়ার | কিছু ফর্মে বট ঠেকানো (Turnstile) | বিশ্বজুড়ে নেটওয়ার্ক |
| এসএমএস সেবাদাতা | স্কুল এসএমএস ব্যবহার করলে অভিভাবককে বার্তা | সেবাদাতা ঠিক হলে জানানো হবে |
| রিসেন্ড | ইমেইল পাঠানো | বিশ্বজুড়ে |
| গুগল | ইচ্ছামতো লগইন | বিশ্বজুড়ে |
| অ্যানথ্রপিক | শিক্ষকের পোস্টের খসড়া, শিক্ষার্থীর নাম সরিয়ে | বিশ্বজুড়ে |
| ওপেন-মিটিও | বৃষ্টির সতর্কতা, শুধু স্কুলের অবস্থান দিয়ে | বিশ্বজুড়ে |
৪. কোন পর্যায়ে কী দেখা যায়
| পর্যায় | দেখেন |
|---|---|
| শিক্ষক | নিজের ক্লাসের শিক্ষার্থীর নাম, ফল, হাজিরা |
| প্রধান শিক্ষক | নিজের স্কুলের সব ক্লাস |
| টিচার ট্রেইনার | নিজের ক্লাস্টারের স্কুলভিত্তিক সংখ্যা, শিক্ষার্থীর নাম নয় |
| উপজেলা | স্কুলভিত্তিক সংখ্যা, শিক্ষার্থীর নাম নয় |
| জেলা ও কেন্দ্র | উপজেলা আর স্কুলভিত্তিক সংখ্যা |
কর্মকর্তা আর ট্রেইনারের পাতায় শুধু সংখ্যা থাকে, কোনো শিক্ষার্থীর নাম বা নম্বর নয়। স্কুল থেকে অফিসে পাঠানো রিপোর্টেও শুধু মোট সংখ্যা থাকে।
৫. শিশুর নিরাপত্তা
- শিক্ষার্থীরা একে অন্যকে ব্যক্তিগত বার্তা পাঠাতে পারে না।
- শিক্ষার্থীর লেখা নোট আর কুইজ আগে তার নিজের বিষয় শিক্ষক দেখেন, তারপর অন্যরা।
- স্কুলের বাইরে শিক্ষার্থীর শুধু নামের প্রথম অংশ আর শ্রেণি দেখা যায়, স্কুল বা ছবি নয়।
- ছবিতে মুখ থাকলে শিক্ষার্থীর পোস্ট অনুমোদন হয় না, আর তিনটা রিপোর্টে পোস্ট লুকিয়ে যায়। “জানান” বোতামে আসা শিশুর নিরাপত্তার অভিযোগ সবার আগে দেখা হয়।
- দক্ষতা গ্রুপ একটা দিকনির্দেশনা, শিক্ষক বদলাতে পারেন। কোনো শিক্ষার্থী সম্পর্কে বড় সিদ্ধান্ত স্বয়ংক্রিয়ভাবে নেওয়া হয় না।
৬. নিরাপত্তা ব্যবস্থা
লগইন শুধু প্রমাণ করে আপনি কে। ভূমিকা কেউ নিজে বেছে নিতে পারেন না: প্রধান শিক্ষক সারো টিমের কোড দিয়ে যাচাই হন, না হলে স্কুল অস্থায়ী থাকে; আগে থেকে সারোতে থাকা স্কুলে শিক্ষক যোগ দেন প্রধান শিক্ষকের অনুমোদনে; কর্মকর্তার অ্যাকাউন্ট পদের দাপ্তরিক মোবাইলের সাথে বাঁধা।
- রাখা আর পাঠানো তথ্য এনক্রিপ্ট করা (টিএলএস)।
- ডাটাবেসের প্রতিটা সারিতে ভূমিকাভিত্তিক প্রবেশাধিকার: কেউ নিজের এলাকার বাইরের তথ্য পান না।
- পিন আর পাসওয়ার্ডে ১৫ মিনিটে পাঁচবার ভুল হলে সেই লগইন কিছুক্ষণ বন্ধ; সারো টিমের কনসোলে দুই ধাপের যাচাই।
- নম্বর, হাজিরা, গ্রেড, রেজাল্ট শিট আর রেজিস্টারের প্রতিটা পরিবর্তন, আর সারো টিমের প্রতিটা সিদ্ধান্তের লগ।
- ক্লাসরুমের স্ক্রিন চেনা হয় শুধু টোকেনের হ্যাশ দিয়ে; ছবি আর ফাইল প্রাইভেট স্টোরেজে।
৭. প্রশ্নের মান
প্রতিটা প্রশ্ন এনসিটিবি পাঠ্যবইয়ের একটা অধ্যায়ের সাথে যুক্ত। শিক্ষকের লেখা প্রশ্ন দুই ধাপে যাচাই হয়: আগে নিজের স্কুলের আরেকজন শিক্ষক, তারপর অন্য স্কুলের একজন শিক্ষক। যে প্রশ্ন এখনো যাচাই হয়নি, তাতে “যাচাই বাকি” লেখা থাকে। তিনজন মানুষ বা পাঁচটা ব্রাউজার কোনো প্রশ্নে ভুল জানালে প্রশ্নটা আলাদা করে রাখা হয়, আর সারো টিম সেটা রাখবে না ঠিক করবে, তা ঠিক করে।
৮. কর্তৃপক্ষ কীভাবে অনুরোধ পাঠাবেন
- দাপ্তরিক প্যাডে সই করা চিঠি hello@shaaro.app এ পাঠান, বিষয়ে “Official request”। অনুরোধকারী কর্মকর্তার নাম, পদ আর আইনের ধারা উল্লেখ করুন।
- আমরা অফিসের নম্বরে ফোন করে অনুরোধ যাচাই করি।
- শুধু যতটুকু তথ্য আইনে চাওয়া হয়েছে, ততটুকুই দিই।
- আইনে নিষেধ না থাকলে সংশ্লিষ্ট ব্যবহারকারীকে জানাই।
- জরুরি শিশু নিরাপত্তার বিষয়ে একই ঠিকানায় লিখুন, বিষয়ে “Urgent”। আমরা সবার আগে সাড়া দিই।
৯. চাইলে যা পাঠাতে পারি
- তথ্য কোথা থেকে কোথায় যায় তার নকশা
- উপাত্ত সুরক্ষা প্রভাব মূল্যায়ন
- নিরাপত্তা ব্যবস্থার সারাংশ
- সেবাদাতাদের পূর্ণ তালিকা আর চুক্তির ধরন
- অভিভাবকের সম্মতিপত্রের নমুনা
অনুরোধ করুন hello@shaaro.app এ। সাধারণত ১০ কর্মদিবসের মধ্যে পাঠাই।